ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও সেই পথে হাঁটছে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীতে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক সালাম বলেন, “নতুন সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে। জিয়াউর রহমান বলেছিলেন টাকা কোনো ব্যাপার না, শুধু দুর্নীতিটা বন্ধ করতে হবে। তারেক রহমানও সেই একই পথে হাঁটছেন। তবে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে জামায়াতও সেই পথে হাঁটছে। ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমানের কারণে পারেনি। রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি। রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করবো।”
‘আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করেছে তারেক রহমানকে ছোট করার জন্য। আরেকটি দলও (জামাত) একই চেষ্টা করেছ। দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি টিকে রয়েছে। সংসদ ও সরকারকে তারা অসহযোগিতা করছে। দেশকে অস্থির করার চেষ্টা করছে’-উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংস। সংসদে জাতীয় সঙ্গীত যখন বাজল, তখন তাদের ভূমিকা কী ছিল তা আমরা দেখেছি। তাদের মনে পাকিস্তান। দুটি দলই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখছে। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে।”
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা ভালবাসে।”