রাউজানে সড়ক ভাঙনে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৩:২৫ পিএম
রাউজানে সড়ক ভাঙনে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সঙ্গে সংযুক্ত পশ্চিম রাউজানের চারা বতল এলাকার নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ি সড়ক হয়ে মীর হোসেন কাজীর বাড়ি ও জান বক্স চৌধুরী বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অধিকাংশ অংশই বিলীন হওয়ার পথে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে সড়কটির এমন করুণ অবস্থা যে, যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।এলাকাবাসী জানান, রাউজান পৌরসভা দেশের অন্যতম প্রথম শ্রেণির পৌরসভা হলেও এই এলাকার মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। এলাকাটিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সহযোগিতায় গড়ে উঠেছে। অতীতে দানশীল ব্যক্তিদের সহায়তায় সড়কটির আংশিক সংস্কার করা হলেও বর্তমানে ব্যাপক ক্ষতির কারণে তা আর সম্ভব হচ্ছে না। এ বিষয়ে এলাকার সমাজপতি ও ট্রাক-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “বহুবার সড়কটি সংস্কারের কথা শুনেছি, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তাই নবনির্বাচিত সাংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।” রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমা বলেন, “সড়কটির বিষয়টি জানা হয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে