গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পিএম
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার আহত হয়েছেন অপর একজন। ঘটনাটি আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলায় রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে ঘটে। নিহতরা হলেন খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে ও খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ সাকিব মিয়া (১৪) এবং তার ফুফা পাশ্ববর্তী রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। এ ঘটনায় শামসুল ইসলাম নামে আরো একজন আহত হয়েছেন। খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ ঘটনার সততা নিশ্চিত  করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত সাকিব আমার স্কুলের একজন মেধাবী ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে খারুয়া বড়াইল গ্রামের শামসুল ইসলামের সঙ্গে একটি নতুন টিনশেড ঘরের বেড়ার নির্মাণ কাজে অংশ নিয়ে ছিলেন ছেলে স্কুলছাত্র সাকিব ও তার ফুফা আব্দুল জব্বার। কাজ করার সময় অসাবধানতা বশত টিনের বেড়ার আঘাতে বাড়ির আঙিনায় থাকা বিদ্যুৎ লাইনের তার কেটে যায়। এতে তিনজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় স্কুলছাত্র সাকিব ও আব্দুল জব্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার জেলার সংবাদ পড়তে