গোপালপুরে বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ৪ এপ্রিল, ২০২৬, ০১:২৭ এএম | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০১:২৭ এএম
গোপালপুরে বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ বৈরাণ সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে হাট বৈরাণ মহল্লার বৈরাণ নদের উভয় পাড় ঘুরে সেতুটির বেহাল অবস্থা প্রত্যক্ষ করেন। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। পরিদর্শনে দেখা যায়, সেতুর পাটাতনে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বিম, উইংওয়াল ও অ্যাবাটমেন্টের বিভিন্ন স্থানে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সেতুটি বর্তমানে এলাকাবাসীর জন্য একপ্রকার ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সেতুটির করুণ অবস্থা সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। পরে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই ৫০ মিটার দৈর্ঘ্যরে একটি আধুনিক আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। পাশাপাশি প্রায় আধা কিলোমিটার সংযোগ সড়ক পাকা করা হবে, যাতে স্থানীয়দের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হয়। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামুজ্জামান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নবাব আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বৈরাণ সেতু পরিদর্শন শেষে তিনি হাট বৈরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দেন।

আপনার জেলার সংবাদ পড়তে