লৌহজংয়ে স্ত্রীর সঙ্গে বিরোধে আত্মহত্যার চেষ্টারত যুবককে উদ্ধার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০১:০৬ পিএম
লৌহজংয়ে স্ত্রীর সঙ্গে বিরোধে আত্মহত্যার চেষ্টারত যুবককে উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে জলিল বেপারী নামে এক যুবক তার শ্বশুরবাড়ির একটি গাছে উঠে আত্মহত্যার চেষ্টাকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেছেন। শনিবার (৪ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশেই এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, জলিল বেপারী (৪০) নামের ওই ব্যক্তি শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে বেঁধে গাছের ওপর উঠে দাঁড়িয়ে থাকেন। স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শ্বশুরবাড়ি লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে জলিল বেপারীকে বিভিন্নভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে অন্যদিকে মনোযোগী করে কৌশলে গাছে উঠে তার গলায় বাঁধা রশি খুলে ফেলেন এবং নিরাপদে তাকে নিচে নামিয়ে আনেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার এই চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে একটি সম্ভাব্য প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধারকৃত জলিল বেপারী উপজেলার কুমারভোগ বড় প্রজেক্ট এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন জেলে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে