শ্রীমঙ্গলে

৫ বছর মেয়াদি উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নে মতবিনিময়

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৪:১৬ পিএম
৫ বছর মেয়াদি উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নে মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী পাঁচ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের কর্মসূচি এবং ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনাও  আলোচনায় স্থান পায়। শনিবার দুপুর  ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের যানজট নিরসন, পর্যটকবান্ধব অবকাঠামো উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চা বাগান শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ ও বেকারত্ব নিরসনে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে