ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা এবং জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন-মোঃ জসিম (২৮), মোঃ তৌহিদ মিয়া (৩৮), মোঃ আলম মিয়া (৪০), মোঃ মানিক মিয়া (২৭), মোঃ আশিক মিয়া (২৫), মোঃ জিয়াউর রহমান (৩৫) ও মোঃ মহিউদ্দিন (৪৮)। পুলিশ জানায়, এ ঘটনায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসছিল, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অবৈধ কর্মকাণ্ড বন্ধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।