বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কবিরুল ইসলাম সন্যামতের বিরুদ্ধে। এ ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধ বিমল চন্দ্র দাস। ভুক্তভোগী বিমল চন্দ্র দাস অভিযোগ করে বলেন, বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের গৃহ ও ভূমিহীন হিসেবে চর রঘুনাথদ্দি মৌজায় বাংলাদেশ সরকার থেকে পাওয়া আশ্রায়ন প্রকল্পের ১৩ নম্বর ঘরে তিনি বসবাস করতেন। ঘরের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র বিমল চন্দ্র দাসের নামেই রয়েছে। এদিকে বিমল চন্দ্র দাস চোখের অপারেশন ও চিকিৎসা নেওয়া জন্য বরিশালের চক্ষু হাসপাতালে ভর্তি হন। সেই সুযোগে ফরিদপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য কবিরুল ইসলাম সন্যামত তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে অন্য একজনকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের কাছে ধর্ণা দিয়েও তিনি কোন সুরাহা পাননি। বার বার ঘর ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও ঘরটি দখল করে রাখা হয়েছে। সবশেষ বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বৃদ্ধ বিমল চন্দ্র দাস। অভিযুক্ত কবিরুল ইসলাম বলেন, এটাতো নির্বাচনের আগের ঘটনা। ঘরটি খালি করে দেয়া হয়েছে। যার ঘর সে আসলে তাকে বুঝিয়ে দেয়া হবে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।