সংস্কৃতি হলো একটি দেশের মূল চালিকাশক্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ এএম
সংস্কৃতি হলো একটি দেশের মূল চালিকাশক্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেছেন। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনের সময় সংস্কৃতি একটি দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে দেশের এমন অবস্থানে নিতে হবে, যাতে একটি জীবনমুখী সংস্কৃতি গড়ে তোলা যায়। তিনি আরও বলেন, সংস্কৃতি চর্চায় বিপ্লব ঘটাতে হবে। পুরোনো রেওয়াজ পুণঃরুদ্ধারসহ সুষ্ঠ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। আজ শনিবার (৪ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলায় মশাখালী ইউনিয়নের শিলার বাজার ভাওয়াল রাজকাচারী, ঐতিহ্যবাহী তেরশ্রী জামে মসজিদ ও সতরবাড়ী মসজিদে সোবহানী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সেক্ষেত্রে যার যার অবস্থান থেকে দেশের ঐতিহ্যকে সকলের সামনে তুলে আনতে হবে।  পরিদর্শনে সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ অতিথিরা লাঠিয়াল খেলা উপভোগ করেন। এ সময় স্থানীয় এমপি মোহাম্মদ  আক্তারুজ্জামান বাচ্চু, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।