গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমত বাস্তবায়নে সরকারের বিলম্বের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখা। রোববার (৫ এপ্রিল) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। তিনি বলেন, গণভোট জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন এবং এটি বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয়। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে গণভোট কার্যকর করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। অন্যথায়, সরকারের জন্য এর নেতিবাচক রাজনৈতিক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি গণভোট নিয়ে কোনো ধরনের প্রতারণা বা গড়িমসি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের এবং মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ। সমাবেশ থেকে নেতাকর্মীরা দ্রুত গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।