“ধর্ম যার যার, দেশ সবার”

ধর্ম-বর্ণ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ পিএম
ধর্ম-বর্ণ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব ধর্মের মানুষকে সমানভাবে দেখার নীতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং একইভাবে ভালোবাসি। ধর্ম যার যার, দেশটা সবার।” তিনি আরও আহ্বান জানান, “আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি।”

ইস্টার উপলক্ষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন সরকারপ্রধান।

মতবিনিময়কালে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “একসময় বলা হতো অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না। এবারের নির্বাচনে তা ভুল প্রমাণিত হয়েছে। সব ধর্মের মানুষই আমাদের ভোট দিয়েছে।”

বিগত সরকারের সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের অবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ছিল “যুদ্ধবিধ্বস্ত দেশের মতো।” একই সঙ্গে ইসরাইল-ইরান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রশংসা করেন। ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালুর বিষয়গুলো উল্লেখ করেন তারা। পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।

প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন। পরে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে ইস্টার উপলক্ষে স্মারক উপহার দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে