ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৩ পিএম
ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে বিমানবন্দরের দ্বিতীয় তলায় অবস্থিত সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে সার্ভার রুমের বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে। এতে কিছুটা সময় বেশি লাগলেও যাত্রীদের সেবা দেওয়া অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে ঢাকার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করা হচ্ছে। বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তবে সার্ভার রুমের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে