সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটির নাম ফারহান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সে ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণে ভুগছিল এবং অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান জানান, দুপুর প্রায় ১টার দিকে শিশুটি মারা যায়। তার মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল, তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি হাম ছিল কিনা। এ বিষয়ে নিশ্চিত হতে ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি আরও বলেন, শিশুটির শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি রোগ হিসেবে হামসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তাই অভিভাবকদের শিশুদের টিকাদান ও স্বাস্থ্যসচেতনতার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।