সাবেক স্পিকার শিরীন শারমিন আটক, মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ১২:০২ পিএম
সাবেক স্পিকার শিরীন শারমিন আটক, মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা রয়েছে। “ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে,” বলেন তিনি।

তিনি আরও জানান, “উত্তরা ও বনানী থানার মামলার মধ্যে যেকোনো একটিতে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। এরপর তাকে আদালতে নেওয়া হবে।” তবে তাকে রিমান্ডে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় এই পদে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। পরে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তদন্তের অগ্রগতির ওপর পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করবে।

আপনার জেলার সংবাদ পড়তে