মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সময় সুনগইড় গ্রামের বাসিন্দা মোঃ ফরিদুজ্জামান মাসুদ (৪২)-কে আটক করা হয়। তিনি মৃত আসকিন মিয়ার পুত্র।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।