আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ২২৭ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৫:৫০ পিএম
আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ২২৭ টাকা

দেশে জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেই আবারও বাড়ানো হয়েছে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জ্বালানির দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটেও লিটারপ্রতি দাম বেড়ে হয়েছে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্য রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটেই জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম বাড়িয়ে ০ দশমিক ৭৩৮৪ ডলার থেকে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়।

বর্তমানে দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে এই জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের হযরত শাহ আমানত, সিলেটের ওসমানী, যশোর ও কক্সবাজার বিমানবন্দর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দরগুলোতেও এই নতুন মূল্য কার্যকর হবে।

জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান পরিবহন খরচের ওপর চাপ বাড়তে পারে। এতে করে যাত্রীভাড়া ও পণ্য পরিবহনের খরচেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে