জামালপুরের ইসলামপুর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ (৩২) নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় একটি ভুট্টাক্ষেতে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি বস্তাবন্দি করে ফেলে রেখে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।