নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলেসহ ৩ মৃত্যু, হাসপাতালে ২

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০২:১৮ পিএম
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলেসহ ৩ মৃত্যু, হাসপাতালে ২
ছবি, সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশি কয়েকজন। গত সোমবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের সময় নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এছাড়াও আরও দুই বাংলাদেশি হাসপাতালে রয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০), ফাহিম আলিম (২৭)। এদের মধ্যে হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে। আর ফাহিম নাজমলের বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতরা হলেন- নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন সবাই। নিহত নাজমুল রোবেল নিজে গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম বলেন, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে।