দিনাজপুরের চিরিরবন্দরে দুইটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানযাত্রীর মর্মান্তিক মৃত্যু ও ভ্যানচালকসহ ৩ জন যাত্রী গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ দূর্ঘটনাটি গত ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও হাসপাতালসুত্রে জানা গেছে, স্থানীয় শান্তিরবাজার থেকে একটি অটোভ্যান বাড়ি ফেরত কয়েকজন যাত্রী নিয়ে কালিগঞ্জ গ্রামের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী আইনুল ইসলাম খোকা (৪৫), সিফাত রানা (২০), জহির উদ্দিন (৪৫) ও মমতাজ ওরফে নেজাবদ্দিন (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চিরিরবন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইনুল ইসলাম খোকা (৪৫) কে মৃত্যু ঘোষনা করে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।