কুষ্টিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জিরো টলারেন্স নীতি মেনে প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে।" তিনি মাদক মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। এরপর প্রধান অতিথি মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৪ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা মূল্যের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি হেরোইন, ৬ কেজি কোকেন, ৬৭ হাজার ৪৯৬ পিস ইয়াবা, ৭৭৮৭ বোতল ফেনসিডিল, ৪৪৩২ বোতল বিদেশি মদ, ৫৫০ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভায়াগ্রা ও সিলডিনাফিল ট্যাবলেট। এছাড়াও ৩০ বোতল এলএসডি এবং ভারতীয় ইনজেকশন ও বিড়ি ধ্বংস করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. রাশেদ কামাল রনি সহ কুষ্টিয়া জেলা প্রশাসক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং বেসামরিক প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই নিয়মিত বিরতিতে এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয় বলে বিজিবি জানিয়েছে।