পহেলা বৈশাখ ঘিরে রাজশাহীতে

ইলিশের দাম আকাশছোঁয়া, কেজিতে বেড়েছে ৭০০ টাকা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০১:৪৯ পিএম
ইলিশের দাম আকাশছোঁয়া, কেজিতে বেড়েছে ৭০০ টাকা
দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। বাংলা নববর্ষে ইলিশের থাকে আলাদা কদর। এজন্য ইলিশ মাছের চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ আসতে বাকি মাত্র দুই দিন। রাজশাহী শিক্ষানগরী ও বিভাগীয় শহর হওয়ায় প্রতি বছর বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ পালিত হয়। পহেলা বৈশাখকে সামনে রেখে রাজশাহীর বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। এর মধ্যেই রাজশাহীতে কেজিতে ৫০০-৭০০ বেড়েছে ইলিশের দাম।বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে। এজন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে বেচাকেনা কিছু টা কম। রাজশাহী নগরীর সাহেববাজার, নিউমার্কেট, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন আগের তুলনায় ইলিশের দাম বেড়েছে। ৪০০ গ্রাম ওজনের ইলিশ সপ্তাহ খানেক আগে বিক্রি হয়েছে ১১০০-১২০০ টাকায়। সেই ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০০-১৮০০ টাকায়। ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে ২০০০-২৪০০ টাকায়। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-৩০০০ টাকা কেজিতে। ক্রেতারা বলছেন, ইলিশ এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। মশিউর রহমান নামের একজন ক্রেতা বলেন, ‌প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। তাদের কাছ থেকে ইলিশ কেনা খুব কঠিন। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না। আমি নিজেও ইলিশ না কিনে বাড়ি চলে যাচ্ছি। সাহেব বাজারের ক্রেতা লিটন আলী বলেন, অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যে মাছ ১ হাজার টাকায় বিক্রি হতো, এখন সেটা ১৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পয়লা বৈশাখ এলেই চাহিদা বাড়ে। তাই দামও বাড়ে।তবে এত বেশি আগে বাড়েনি। ওই বাজারের বিক্রেতা নীরব আলী বলেন, ‘৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৫০০-৩০০০ টাকায়। আরও দাম বাড়তে পারে। দাম বাড়তির কারণে মাছ কম বিক্রি হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে