সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে তারকারা

এফএনএস বিনোদন | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:০৮ পিএম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে তারকারা

সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একাধিক জনপ্রিয় কণ্ঠশিল্পী। শুক্রবার (১০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন এতে অংশ নেন। এতে সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নতুন আলোচনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১, কাজীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই দিনে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনও কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।

মনোনয়ন সংগ্রহের পর বেবী নাজনীন দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি বলেন, “দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।”

কনকচাঁপাও দলে নিজের দীর্ঘদিনের নিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, “মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। তবে দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই মেনে নেব।”

অন্যদিকে রিজিয়া পারভীন রাজনীতিতে সক্রিয় হওয়ার পেছনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, “আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।” পাশাপাশি সংস্কৃতি খাতেও কাজ করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।”

সংগীত অঙ্গনের জনপ্রিয় এসব মুখের রাজনীতিতে অংশগ্রহণ নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন শিল্পী সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ফলে এবারও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্ব বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে