হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৩:১৪ পিএম
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। শুনানিতে শিরীন শারমিনকে সশরীরে হাজির করা হয়নি। তার আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় এই মামলাতেই তিনি জামিন পেলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন এবং তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা করেন, যেখানে শিরীন শারমিন চৌধুরীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, “মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, শুধু নাম উল্লেখ করা হয়েছে।” তারা আরও বলেন, শিরীন শারমিন গুরুতর অসুস্থ এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।”

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা জানিয়েছেন, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আর বাধা নেই।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। টানা একাধিক মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে