শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে পাঠানোর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:১৪ পিএম
শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে পাঠানোর আশ্বাস

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া দ্রুত চালু করতে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) তিন দিনের মালয়েশিয়া সফর শেষে এবং সচিবালয়ে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর লক্ষ্যে আলোচনা এগিয়েছে, দ্রুতই শ্রমবাজার চালু হবে।

মাহদী আমিন জানান, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা জটিলতা ছিল, বিশেষ করে উচ্চ ব্যয় ও সিন্ডিকেটের অভিযোগ। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার কাছে পরিষ্কারভাবে অনুরোধ জানিয়েছে, যাতে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত করা হয়। “আমরা চাই আমাদের শ্রমিকরা কম খরচে, সহজভাবে যেতে পারুক,” বলেন তিনি।

তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জনশক্তি রপ্তানি দ্রুত শুরু করতে উভয় পক্ষই আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়েও আলোচনা হয়েছে, যা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রমবাজার কবে পুরোপুরি খুলবে, এমন প্রশ্নে মাহদী আমিন বলেন, “বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে আমরা যত দ্রুত সম্ভব এটি চালু করতে কাজ করে যাচ্ছি।” তার মতে, মালয়েশিয়ার কিছু আইন রয়েছে, যা সব দেশের জন্য প্রযোজ্য। তবে বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানানো হয়েছে।

‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ নিয়ে তিনি বলেন, এটি নতুন কোনো সিন্ডিকেট নয়। বরং নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছ ও যোগ্য এজেন্সি নির্বাচন করা হবে। “আমরা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে চাই, যাতে অভিবাসন ব্যয় ধীরে ধীরে কমে আসে,” বলেন তিনি।

মাহদী আমিন আরও জানান, সরকার চায় বেশি সংখ্যক মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাক এবং সেই সঙ্গে অভিবাসন ব্যয় কমুক। “জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।

মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। “যারা অপরাধী তারা শাস্তি পাবে, আর যারা নির্দোষ তারা ন্যায়বিচার পাবে,” বলেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে