ঢাকার দুই সিটিতে টিকা দিলেই কমবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:২৩ পিএম
ঢাকার দুই সিটিতে টিকা দিলেই কমবে হাম: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

রাজধানীর দুই সিটি করপোরেশনে হামের টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা গেলে রোগটির প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকার টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করছে। ঢাকার দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা নিশ্চিত করা গেলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, “সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। ঢাকার দুই সিটিতে টিকাদান সম্পন্ন করা গেলে হাম অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে।”

চলতি মাসের ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে হাম-রুবেলার এই বিশেষ ক্যাম্পেইন। ঢাকার দুই সিটিতে প্রায় ১২ লাখ ২০ হাজার শিশু এই টিকার আওতায় আসবে, যাদের বয়স ৬ মাস থেকে ৫ বছর।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, “৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। শুধু একটি শিশু টিকা নিলেই হবে না, গোষ্ঠীর সবার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে পারলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে।”

এ কর্মসূচি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। “মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই,” বলেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে