রাজধানীর ক্রমবর্ধমান যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে ‘ঢাকা যানজট নিরসন কমিটি’। রোববার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. ইছহাক দুলাল এসব প্রস্তাব তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার যানজট এখন চরম পর্যায়ে পৌঁছেছে এবং এটি দেশের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে। এক গবেষণার তথ্য তুলে ধরে ইছহাক দুলাল জানান, আগে ঢাকায় যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার, যা এখন নেমে এসেছে ৪.৫ থেকে ৭ কিলোমিটারে। এতে প্রতিদিন বিপুল সময় ও জ্বালানি অপচয় হচ্ছে।
তিনি বলেন, শহরের যানজটের বড় একটি কারণ রেলপথের লেভেল ক্রসিং। “প্রতিদিন কমলাপুর থেকে ৫২টি ট্রেন ছাড়ে এবং সমানসংখ্যক ট্রেন ঢাকায় প্রবেশ করে। এতে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ২৪টি লেভেল ক্রসিংয়ে গড়ে ৭২৮ মিনিট সময় প্রতিবন্ধকতা তৈরি হয়,” বলেন তিনি। এই সময়টিকে দিনের ব্যস্ত সময়ে বিবেচনা করলে যানজটের প্রভাব আরও বেড়ে যায়।
এই পরিস্থিতি থেকে উত্তরণে খাল সংস্কার করে ওয়াটার বাস চালু, নদীঘেঁষে ট্রাম রেলপথ ও রিং রোড নির্মাণ, গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়া, কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত বাইপাস রেললাইন বা উড়াল সেতু নির্মাণসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করা এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে সমন্বিত নগর পরিবহন চালুর সুপারিশ করা হয়েছে।
নগর পরিবহন চালুর বিষয়ে ইছহাক দুলাল বলেন, “নন এসি ও এসি দুই ধরনের বাস থাকবে। নন এসি বাসে ভাড়া কম রাখা হবে, আর এসি বাসের লাভ দিয়ে সেটিতে ভর্তুকি দেওয়া হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং সড়কে প্রতিযোগিতা কমে শৃঙ্খলা ফিরবে।”
তিনি আরও বলেন, যানজট নিরসনে চালক ও ট্রাফিক পুলিশের প্রশিক্ষণ জরুরি। “গাড়ির চালক, সিএনজি চালক, রিকশাচালক ও মোটরসাইকেল চালকদের নিয়মিত প্রশিক্ষণ দিলে সড়কে শৃঙ্খলা বাড়বে,” বলেন তিনি।
গ্যাস ব্যবহারের বিষয়েও একটি প্রস্তাব এসেছে। তিনি বলেন, “সিএনজি অটোরিকশা ছাড়া অন্য কোনো গাড়িতে গ্যাস না দিয়ে শিল্পকারখানায় তা ব্যবহার করা হলে উৎপাদন বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এখনই বাস্তবসম্মত পরিকল্পনা না নিলে ভবিষ্যতে ঢাকার যানজট আরও জটিল হয়ে উঠবে।