পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, কঠোর নিরাপত্তা বলয় ঘোষণা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৫ পিএম | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৫ পিএম
পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, কঠোর নিরাপত্তা বলয় ঘোষণা ডিএমপির

আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবে উৎসব নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় বিপুল মানুষের সমাগম হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “সব শ্রেণি-পেশার মানুষ যেন নিরাপদে উৎসব উপভোগ করতে পারে, সে জন্য আমরা ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি।” তিনি জানান, পুরো ঢাকা মহানগরীকে নয়টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

এদিকে বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও রুফটপ পর্যবেক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। তার ভাষায়, “নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বর্ষবরণ অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, যা শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় শেষ হবে। পুরো রুটজুড়ে কঠোর নিরাপত্তা বলয় থাকবে।

ডিএমপি জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৫টার পর রমনা পার্কে প্রবেশ বন্ধ থাকবে এবং শুধুমাত্র বের হওয়ার সুযোগ রাখা হবে। পাশাপাশি নির্ধারিত স্থান ছাড়া যানবাহন পার্কিং নিষিদ্ধ থাকবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সন্দেহজনক কিছু দেখলে ৯৯৯ নম্বর বা ডিএমপি কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে