ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৫:১১ পিএম
ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রীর

দেশে ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি বলেন, বৈশ্বিক সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখাই সরকারের প্রধান লক্ষ্য।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এবং দেশের প্রধান ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বাজার পরিস্থিতি, আমদানি ও সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে সাধারণ মানুষের ওপর যেন কোনো পণ্যের মূল্যবৃদ্ধির চাপ না পড়ে।” তিনি আরও জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর প্রস্তাব দিলেও তা যাচাই করে আপাতত অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে সরবরাহকারীদের জন্য কিছু সুবিধা সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে, যদিও তা এখনো চূড়ান্ত হয়নি।

সরকারি সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও মজুত ব্যবস্থার ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে