নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার কসব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়া মনি নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৯ মার্চ তারিখে রিয়া মনি বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। বুধবার সাড়ে ১২ টার দিকে রিয়া মনি অন্য শিশুদের সঙ্গে খালার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়।
গোসলের এক পর্যায়ে রিয়া নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি পর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়া মনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।