মুক্তাগাছা উপজেলার পল্লীতে মাত্র ৫ হাজার টাকার বিরোধকে কেন্দ্র করে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার জগন্নাথবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন (৬৫) পাশের প্রান্নাথবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনি জগন্নাথবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের কাছে তার মেয়েকে বিয়ে দেন। আগামী শুক্রবার তার নাতির বিয়েকে ঘিরে পরিবারে প্রস্তুতি চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন তার চাচাতো বোন পারুল আক্তারের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে বুধবার রাতের দিকে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে লোকমান হোসেন তার ছেলে নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বিয়ের পরদিন টাকা পরিশোধের আশ্বাসও দেন। অভিযোগ রয়েছে, এ সময় পারুল আক্তার ও জনৈক ওমরসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থেকে লাঠিসোঁটা নিয়ে লোকমান হোসেন ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন লোকমান হোসেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় তার ছেলে নাজমুল হোসেনও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মুক্তাগাছা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জুলুস খান পাঠাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।