সাদা-কালোর রাজনীতি নয়, ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবস্থান চান এমপি আব্দুস সাত্তার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৩:২৬ পিএম
সাদা-কালোর রাজনীতি নয়, ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবস্থান চান এমপি আব্দুস সাত্তার

নীলফামারী-১,ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, সাংবাদিকদের কারও পক্ষ হয়ে নয়, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস সাংবাদিকদের থাকতে হবে।

১৮ আগস্ট রাতে ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।

মতবিনিময় সভায় ডিমলার উন্নয়ন, জনদুর্ভোগ, শিক্ষা, সড়ক যোগাযোগ, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজি এবং তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

সভায় গত পাঁচ মাসে নীলফামারী-১ আসনে সংসদ সদস্যের মাধ্যমে সম্পাদিত উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন খাতে ব্যয়ের একটি চিত্র তুলে ধরা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান একের পর এক ধারাবাহিকভাবে উন্নয়ন ও ব্যয়ের খাতগুলো উপস্থাপন করেন। প্রায় ৮ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড ও ব্যয়ের বিবরণ তিনি সভায় তুলে ধরেন।

উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য।

সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওলানা কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল বাইতুল মাল সেক্রটারী অধ্যক্ষ ওয়াহেদ্জ্জামান বাবুল

সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ডিমলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে