সৈয়দপুরে বিএনপির রাজনীতিতে যাদের বয়স মাত্র দুই বছর, তাদের অভিনন্দন জানিয়েছেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন পাপ্পু। একই সঙ্গে তিনি বলেছেন, দুই বছরের রাজনৈতিক পরিচয় আর কয়েক দশকের আন্দোলন-সংগ্রামের ইতিহাস এক নয়।
এক বক্তব্যে এরশাদ হোসেন পাপ্পু বলেন, রাজনীতিতে নতুনদের স্বাগত জানানো উচিত। তবে দলের দুঃসময়ে যারা মামলা, হামলা, কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের পতাকা বহন করেছেন, তাদের অবদান ও ত্যাগকে কোনোভাবেই অস্বীকার করা উচিত নয়।
তিনি বলেন, আজ যারা নেতৃত্ব, পদ-পদবি কিংবা ত্যাগের কথা বলেন, তাদের মনে রাখা প্রয়োজন প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ওপরই বর্তমান রাজনৈতিক অবস্থান গড়ে উঠেছে।
পাপ্পু আরও বলেন, নতুনদের নেতৃত্বে আসার সুযোগ অবশ্যই থাকতে হবে। তবে ইতিহাসকে অস্বীকার করে নয়,বরং প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের সম্মান করেই নতুনদের এগিয়ে যেতে হবে। এটাই হওয়া উচিত সুস্থ ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি।
তিনি বলেন, রাজনীতি শুধু পদ-পদবির বিষয় নয়। রাজনীতি হলো আদর্শ, ত্যাগ ও ধারাবাহিকতার বিষয়।
তার এই বক্তব্যকে কেন্দ্র করে সৈয়দপুরের বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন-পুরোনো নেতাকর্মীদের ভূমিকা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং নেতৃত্বের মূল্যায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।