শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৪:৪৭ পিএম
শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে দলিল লেখক সমিতির নেতারা বলেন, শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন সাব রেজিস্ট্রার অফিসে বসেন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি দলিল নিবন্ধন হলেও বিপুলসংখ্যক দলিল অপেক্ষমাণ থাকছে। এতে দলিলের জট তৈরি হয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।


তাঁরা আরও বলেন, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম অনেক বড়। প্রতিদিন প্রায় ১৫০ জন সেবাগ্রহীতা দলিল নিবন্ধনের জন্য অফিসে আসেন। কিন্তু নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় নির্ধারিত সময়ে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা দ্রুত শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার দাবি জানান। তাঁদের দাবি, নিয়মিত সাব রেজিস্ট্রার নিয়োগ করা হলে দলিলের জট কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ও নির্বিঘ্নে সেবা পাবেন।

কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলিল লেখকেরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে