পিরোজপুরের কাউখালীতে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এর ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
সভায় ২০২৬ সালের পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনায় শিক্ষকরা জানান, অভিভাবকদের সম্পৃক্ততার অভাব, অবকাঠামোগত ও যোগাযোগ সমস্যার পাশাপাশি মাদ্রাসা পর্যায়ে বাল্যবিবাহের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, দুর্বলদের জন্য বিশেষ পাঠদান এবং ঝরে পড়া ও বাল্যবিবাহ রোধে জোর তাগিদ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের একার পক্ষে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসন সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে আগামী শিক্ষাবর্ষ থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানের ফলাফল প্রত্যাশিত পর্যায়ে হয়নি, তাদের ঘাটতিগুলো চিহ্নিত করে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধেও সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় আগামী শিক্ষাবর্ষে উপজেলার সার্বিক ফলাফল উন্নত করতে সবাই আন্তরিকভাবে কাজ করতে হবে।