তালতলীতে অস্ত্রসহ ৫ গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৪:৩১ পিএম
তালতলীতে অস্ত্রসহ ৫ গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর বড় ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের পৃথক দুটি কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল হক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের কার্যালয়ে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল হক।

তিনি বলেন, "তারা দুই ভাই" বরগুনা জেলার অভিভাবক, প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত আস্থাভাজন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমাদের এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই সময় থাকতে এসব মিথ্যাচার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করে বিএনপির সভ্য রাজনীতিতে ফিরে আসুন।”

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ “আমাদের বরগুনা জেলার অভিভাবক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ১৯ আগস্ট উপজেলা বিএনপি একটি প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়। এর পরপরই বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর বড় ভাই একই দিনে আরেকটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।”

তিনি আরও বলেন, “উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির দিনে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করে। একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপারের প্রেস রিলিজেও উল্লেখ করা হয়েছে। অথচ এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর বড় ভাই মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ ফেসবুকে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য পরিহার করে বিএনপির সভ্য রাজনীতি করার মানসিকতা তৈরি করুন।” সংবাদ সম্মেলনে যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অসীম ও সাইফুল ইসলাম মামুন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন, ছাত্রদল সভাপতি হাওলাদার মোহাম্মদ নাসির, শ্রমিক দলের সাবেক সভাপতি শাহ আলম হাওলাদার, কৃষক দলের সভাপতি জাফর হাওলাদার, জিয়া মঞ্চের উপজেলা সভাপতি জাকির খলিফা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অমিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে