চাটমোহরের ফাহিম ডেইরি এন্ড ফুড প্রোডাক্টসে অভিযান, আটক ২

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৪১ পিএম
চাটমোহরের ফাহিম ডেইরি এন্ড ফুড প্রোডাক্টসে অভিযান, আটক ২

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালীতে ফাহিম ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত পাবনার একটি টিম। এসময় অনুমোদনবিহীন ভাবে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি করাসহ নানা অনিয়মের কারণে কারখানার দু’জন কর্মচারীকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় কারখানার মালিক ও ম্যানেজার। গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে কাটাখালী বাজারের পাশে অবিস্থিত ফাহিম ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়। 

এসময় আভিযানে নেতৃত্ব দেওয়া বিশুদ্ধ খাদ্য আদালত পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদ্বয় দেখেন কারখানায় নির্ধারিত মান অপেক্ষা নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে,শিল্প কারখানায় ব্যবহৃত তেল খাদ্য স্থাপনায় রাখা হয়েছে,নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেভেল সংযোজন ব্যাতিরেকে প্যাকেটভুক্ত করা হয়েছে,প্রতিষ্ঠানের নাম ঠিকানা সম্বলিত রশিদ ও চালান নেই এবং কোন প্রকার নিবন্ধনও নেই। এছাড়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি করার জন্য মজুদ করা হয়েছে। অভিযানে কারখানায় কর্মরত দুইজন কর্মচারীকে আটক করা হয়। কর্মচারীরা হলেন কাটাখালী গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৫) ও বাঙ্গালা গ্রামের কুরমান আলীর ছেলে ইলাহী বক্স (৫৫)। কারখানার মালিক হারুনর রশিদ ও ম্যানেজার মিজানুর রহমান অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। এসময় বিপুল পরিমাণ পণির জনসম্মুখে ধ্বংস করা হয়। নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ আইনে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দিন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক,পাবনা জেলা নিরাপদ খাদ্য অফিসার,চাটমোহর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম আসলাম হোসেন এবং চাটমোহর পৌরসভার সেনেটারী ইন্মপেক্টর আবুল কালাম আজাদ দুলালসহ থানা পুলিশ। একইদিন দলটি অভিযান চালিয়ে চাটমোহর পৌরসভার নারিকেলপাড়ায় অনুমোদনবিহীন জৈব সার কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা ও বিলচলন ইউনিয়নের বোঁথরে দুইটি মুরগীর খামারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে