নাটোরের লালপুরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৬টি ড্রাম ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাটি পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই এস এম গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ড্রাম ট্রাকে করে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের সময়য়টি ড্রাম ট্রাকসহ আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২) ও মো. জিসান (২৩)। অপর দুজন হলেন-লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া গ্রামের মো. সাকিব (২২) ও মো. খেজের আলী (৫৬)। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অনুমোদন ছাড়া ফসলি জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ৮জনকে শুক্রবার (২৮ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।