যানজট নিরসনে পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়কের দু’পাশ থেকে অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। এতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
জানা যায়, দীর্ঘদিন প্রায় অর্ধশত ব্যবসায়ী সুজানগর পৌর বাজারের প্রধান সড়কের দু’পাশ অবৈধভাবে দখল করে ফল, আখ, এবং বিড়ি-সিগারেটসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করে আসছিল। আর ওই সকল ব্যবসায়ীদের কারণে সড়কে সীমাহীন যানজটের সৃষ্টি দেখা দিত। এতে যানবাহনের পাশাপাশি বাজারে আগত ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ভুক্তভোগী মহল বেশ কিছুদিন ধরে উক্ত সড়কের যানজট নিরসনে স্থানীয় সংসদ সদস্য এ,কে.এম সেলিম রেজা হাবিবের হস্তক্ষেপ কামনা করছিলেন। সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ভুক্তভোগী মহলের দাবির প্রেক্ষিতে প্রধান ওই সড়কের যানজট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ সংসদ সদস্যের নির্দেশ আমলে নিয়ে তথা জনস্বার্থে গত বুধবার পৌর বাজারের প্রধান সড়কের দু’পাশ থেকে ওই সকল অবৈধ দোকানপাট অপসারণ করেন। এতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। পৌর বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক বলেন অবৈধ এবং যত্রতত্র ওই সকল দোকানপাটের কারণে প্রায় প্রতিদিনই বাজারের প্রধান ওই সড়কে দীর্ঘ যানজট লেগে থাকতো। এ সময় বাস এবং রিক্সা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনের পাশাপাশি জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু ওইদিন অবৈধ দোকানপাট অপসারণের কারণে সর্বস্তরের জনসাধারণ দীর্ঘদিনের ওই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। বাজারের স্থায়ী ব্যবসায়ীসহ ভুক্তভোগী মহল মহৎ এই উদ্যোগের জন্য সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।