নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসুল্লি নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৭ পিএম
নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসুল্লি নিহত

মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে বেপরোয়াগতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসুল্লি নিহত হয়েছেন।  এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামের আরো এক মুসুল্লি গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায়। নিহত ফারুক দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।  মৃতের স্বজনরা জানিয়েছেন, দক্ষিণ বিজয়পুরস্থ মসজিদে ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন মুসুল্লি ফারুক সরদার ও রুস্তম মীর। পথিমধ্যে বেপরোয়াগতির অজ্ঞাত একটি ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তারা দুইজনই গুরুত্বর আহত হন। 

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ফারুক সরদারকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘাতক ইজিবাইকটি সনাক্তকরণের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে