অপপ্রচার রুখতে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান এমপি শহিদুলের

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম
অপপ্রচার রুখতে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান এমপি শহিদুলের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম। সোমবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা হলরুমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ.েেকএম আসজাদ ও এসআই এনামুল হক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মো. শাহজাহান শিকদার, মোহাম্মদ কুদ্দুস আলী,  গোলাম মোস্তফা, যুবদল নেতা মো. মোজাফফর হোসেন জাফর, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্লা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম মোল্লা ও আবুল কালাম প্রমুখ। 

সভায় এমপি মোঃ শহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে মানুষের তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। তবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রচারণা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে না। সত্য ও নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে এমপি মো. শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে চরভদ্রাসন উপজেলায় দিনব্যাপী বিভিন্ন  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচির মধ্যে শিক্ষার্থীর মাঝে  ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরন বিতরন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও বকনা বাছুর বিতরণ, অনুদানের অর্থ  বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় এবং সবশেষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে