২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ বা সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফলে হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার তাগিদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। ধর্ম মন্ত্রণালয়ের প্রচারিত বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নিবন্ধনের সময় শেষ হওয়ার পর তা আর বাড়ানোর সুযোগ নেই। নিবন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, চিকিৎসা পরীক্ষা, শারীরিক সক্ষমতার সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ হজের অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। তবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধনের সংখ্যা মোট কোটার তুলনায় এখনো অনেক কম হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুসরণ করে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সব পক্ষকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।