চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকায় অবৈধভাবে পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণের দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন, চাঁদপুর এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আল মদিনা ফুড প্রোডাক্টস বিএসটিআই-এর লাইসেন্স না নিয়েই অবৈধভাবে ‘স্ট্যান্ডার্ড মার্ক’ ব্যবহার করে চানাচুর উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ‘বিএসটিআই আইন-২০১৮’-এর ১৫/২৭ ধারা লঙ্ঘন করেছে। এছাড়া মোড়কজাতকরণ সনদ ব্যতীত চানাচুর ও আচার উৎপাদন এবং বিক্রয় করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা লঙ্ঘনের অপরাধে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা-এর পরিদর্শক (মেট্রোলজি) মো.লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) এসএম. শাকিল ইউসুফ।
জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিএসটিআই ও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।