চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ মালামাল, আসবাবপত্র ও নগদ টাকা ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- রুহুল আমিনের দোতলা ফার্নিচারের দোকান, ধীরেন চন্দ্র দাসের ফার্মেসি, অরুন ডাক্তারের ফার্মেসি এবং রবীন্দ্র চন্দ্র দাস, অসীম রায় ও বংশী চন্দ্র দাসের তিনটি খালি দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুহুল আমিন জানান, "আমার দোকানে থাকা নগদ ১ লাখ ৬২ হাজার টাকা, ২০ লাখ টাকার যন্ত্রাংশ এবং প্রায় ৭২ লাখ টাকা মূল্যের কাঠ ও প্রস্তুতকৃত ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে।" পাশাপাশি অন্যান্য দোকানগুলোর আরও প্রায় ১০ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, ফলে বাজারটি বড় ধরনের হাত থেকে রক্ষা পায়।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পরই অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তার জোর দাবি জানিয়েছেন।