সেনবাগে বেশি দামে এলপিজি বিক্রি করলে মোবাইল কোর্টের হুঁশিয়ারি

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৬ পিএম
সেনবাগে বেশি দামে এলপিজি বিক্রি করলে মোবাইল কোর্টের হুঁশিয়ারি

নোয়াখালীর সেনবাগে এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা পর্যায়ে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে কোম্পানির প্রতিনিধি ও ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফানুল হক চৌধুরী।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশ দিয়ে বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের নির্দেশ দেন তিনি।

এসময় গ্যাস কোম্পানির প্রতিনিধিরা সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহের দাবি করেন। তবে ডিলাররা অভিযোগ করেন, কোম্পানির ওয়্যারহাউস থেকে নিজস্ব পরিবহনে গ্যাস এনে ভোক্তাদের কাছে পৌঁছাতে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হয়। পাশাপাশি কোম্পানি থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলেও অনেক ক্ষেত্রে মেমো দেওয়া হয় না বলে অভিযোগ করেন তারা।


সভায় আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এলপিজি আমদানি ও সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায় বাজারে সাময়িক সংকটের কথাও উঠে আসে।


ইউএনও মোঃ ইরফানুল হক চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। অতিরিক্ত দামে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে