সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০১:৪৩ পিএম
সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব শিক্ষক দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও প্রধান অতিথি লায়ন মো. শফিয়ার রহমান সরকার এবং বিশেষ অতিথি লায়ন মো. জাকির হোসেন মেনন। উদ্বোধনের পর শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে স্কুল ও কলেজ শাখার শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। পাশাপাশি শিক্ষিকাদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি একটি জীবনকে আলোকিত করেন, একটি প্রজন্মকে গড়ে তোলেন এবং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সুন্দর, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও অন্যান্য সম্মানিত অতিথিদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আলী ইমাম, সেক্রেটারি মো. হাসান ইমাম, ট্রেজারার মো. জুয়েল, ডিরেক্টর আনোয়ার আলী ও শাহানা আজহার এবং গভর্নিং বডির সদস্য অনামিকা রায় ও মো.শহিদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ। আলোচনা সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে