নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় রেলওয়ে কোয়ার্টারে অভিযান চালিয়ে একটি ট্রান্সফরমার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে পুলিশ কোয়ার্টারটিতে তল্লাশি চালিয়ে ট্রান্সফরমারটি উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মুন্সিপাড়ায় অবস্থিত ওই রেলওয়ে কোয়ার্টারটি সাজু খান ও সৈয়দপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দিলনেওয়াজ খানের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেখানে ট্রান্সফরমারটি রাখা ছিল।
পুলিশ সূত্র জানায়, পারভেজ আলম মারা যাওয়ার পর তাঁর মালিকানাধীন কাঠি কোম্পানির ব্যবসা অংশীদারদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। কোম্পানির দেখভালের দায়িত্বে থাকা মালিকের স্ত্রী শাহীন পারভেজ ব্যবসায় মন্দাভাব দেখা দেওয়ায় কোম্পানির একটি ট্রান্সফরমার বিক্রি করেন বলে জানা গেছে। পরবর্তীতে ওই ট্রান্সফরমারটি কৌশলে নিয়ে এসে সৈয়দপুরের ওই রেলওয়ে কোয়ার্টারে রাখা হয়েছে এমন অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দেন শাহীন পারভেজ।
অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ কোয়ার্টারে তল্লাশি চালিয়ে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উদ্ধারের সময় পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ট্রান্সফরমারটির মালিকানা নিয়ে দুই পক্ষের অভিযোগ রয়েছে। এ কারণে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রান্সফরমারটি থানার হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র যার থাকবে, যাচাই-বাছাই শেষে মালিকানা তার পক্ষেই নির্ধারণ করা হবে। অন্যদিকে সাজু খান দাবি করেন, উদ্ধার হওয়া ট্রান্সফরমারটি তাঁর। কয়েকদিন আগে এটি চুরি হয়েছিল। পরে তিনি লোকজন দিয়ে তারাগঞ্জ এলাকা থেকে সেটি উদ্ধার করে সৈয়দপুরে নিয়ে আসেন। তবে পুলিশ কেন ট্রান্সফরমারটি থানায় নিয়ে গেছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, ‘ট্রান্সফরমারটির বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। উভয় পক্ষের সঙ্গে বসে কাগজপত্র যাচাই করা হবে। কাগজপত্র যার সঠিক থাকবে, যাচাই শেষে ট্রান্সফরমারটি তার কাছে হস্তান্তর করা হবে।