সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, কালাসাদেক, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করেন। আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, কম্বল, সোয়েটার, টায়ার-টিউব, টমেটো, কসমেটিকস, বাসমতি চাল, চকলেট ও শনপাপড়ি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক করা পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।