সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে কামাল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। কামাল আহমদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুপুরে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।
পুলিশ জানায়, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “কামাল চেয়ারম্যান থানা হেফাজতে আছেন। যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।”
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।