সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস আয়োজিত হিফজুল কোরআন চূড়ান্ত প্রতিযোগিতা-২০২৬-এ বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে ১৫ বছর বয়সী হাফেজ মো. খালিদ মোল্লা। তার এ অসামান্য সাফল্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরস্কার হিসেবে সে পেয়েছে দুই লাখ টাকা বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে খালিদ। ওই দিন রাত ১১টার দিকে মাদ্রাসায় ফিরলে শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খালিদ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রার শিক্ষার্থী। তার বাড়ি পাশের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে। সে ওই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। খালিদের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও তাকে অভিনন্দন জানাতে মাদ্রাসায় উপস্থিত হন শুভাকাঙ্ক্ষীরা। তাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। পবিত্র কোরআন হিফজের প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার মধ্য দিয়ে খালিদ তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। তার এ অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।