ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনের নিকটবর্তী স্থানে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে। এসময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ ক, গ, ঘ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিঃ মিঃ চলে যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং পেছনে পুশব্যাক করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির কাছে নিয়ে যায়। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টা বিকাল সাড়ে ৪টায় দিকে ট্রেনের বিচ্ছিন্ন হওয়া বগি পুনরায় সংযুক্ত করা হয়। পরে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে এগারোটা দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছলে ট্রেনটির দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।